কেশবপুর(যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এক ৯ম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্লা (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাভলু মোল্লা কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে লাভলু মোল্লা তার প্রতিবেশী ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে কিশোরীকে শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে কেশবপুর থানায় লাভলু মোল্লার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা (মামলা নম্বর-১৫) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
