, , ,

চৌগাছায় অর্ধসহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
মানবসেবাই পরম ধর্ম। সেই প্রত্যয়কে সামনে রেখে যশোরের চৌগাছায় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন আয়োজন করেছে দিনব্যাপী একটি বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প। সংগঠনটির উদ্যোগে এবং যশোর মেডিসিন ব্যাংকের সহযোগিতায় শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে  অর্ধসহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত। বিশেষ অতিথি হিসেবে গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরেফিন শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ ও যশোর এম এম কলেজের বাংলা বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাসুম রেজা, সার্জন ও প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার (তনিমা), যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুর রহমান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার, পুষ্টি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠিত এ ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রাথমিক ওষুধও সরবরাহ করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীদের ঐক্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন। জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামালতা, পিতম্বরপুর ও ডাইনে (হুদাফতেপুর) গ্রামের শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপদেষ্টা  চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর গ্রামের কৃতি সন্তান মুরসালিন নোমানী। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার ২৫ বছরে জাগজাপিডার সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করেছেন। কেউ সাংবাদিকতা, কেউ ব্যাংকের উচ্চপদে, কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা-বাণিজ্য আবার কেউ কৃষি খাতে নেতৃত্ব দিচ্ছেন।
জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো পাঁচ গ্রামের শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করা। এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখা, নতুন নেতৃত্ব তৈরি, বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহবোধ জাগ্রত করা
 এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকা।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সর্বপরি সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান অঙ্গীকার সেটি বৃহৎ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সংগঠনটি আবারও প্রমাণ করেছে।
অনুষ্ঠানে গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম, জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ