নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে জমে উঠেছে যশোর টাউন হল ময়দানের সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। গত শনিবার উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে আসছে বৃক্ষপ্রেমী সাধারণ মানুষ।
সরোজমিনে দেখা যায়, এ মেলায় মোট ৩২টি স্টল বাহারি রঙের দেশি-বিদেশি ফুল, ফল, ওষুধি এবং ইনডোর প্ল্যান্টে সাজানো হয়েছে। দুপুরের পর থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী, গৃহিণী ও ছাদবাগানীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবারের মেলার বিশেষ আকর্ষণ বিভিন্ন দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ এবং সুদৃশ্য বনসাই। থাই ও ভিয়েতনামি বারোমাসি আম, কাটিমন, মিয়াজাকি (সূর্যডিম), থাই জাম্বুরা এবং বিভিন্ন জাতের লেবুর চারার ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে, ফ্ল্যাট বাড়ির টবে রাখার জন্য ক্যাকটাস, সাকুলেন্ট, মানিপ্ল্যান্ট, মনস্টেরা ও বিভিন্ন জাতের অর্কিডের স্টলে তরুণ-তরুণীদের ভিড় ছিল সবচেয়ে বেশি।
শুধু চারা বিক্রিই নয়, বৃক্ষমেলায় অভিজ্ঞ নার্সারি কর্মীরা বিনামূল্যে দর্শনার্থীদের টবের মাটি প্রস্তুতকরণ, জৈব সারের সঠিক নিয়ম ও ছত্রাকনাশক ব্যবহারের দরকারী পরামর্শ দিচ্ছেন। মেলায় আসা ক্রেতারা বলেন, একসাথে এত প্রজাতির দেশি-বিদেশি গাছ দেখে খুব ভালো লাগছে। তবে দামটা সামান্য বেশি মনে হচ্ছে।
সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অমিতা মন্ডল জানান, মেলায় সরকারি ২টি এবং ৩০টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। বৃষ্টির কারণে শুরুতে দর্শনার্থী কিছুটা কম থাকলেও মেলার বাকি দিনগুলোতে বিক্রি অনেক বাড়বে বলে আশাবাদী। আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যশোর টাউন হল ময়দানের এই বৃক্ষমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
