সাতক্ষীরা/শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
অপহৃত তাসনিন আক্তার তন্নি (১৪) ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গত রোববার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল কিশোর। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভুরুলিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাঈদ হোসেনের নেতৃত্বে ৩-৪ জনের একটি দল দুটি মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাঈদ হোসেন দীর্ঘদিন ধরে তাসনিনকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি একাধিকবার তার পরিবারকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ক্ষোভের বশবর্তী হয়ে পরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃত শিক্ষার্থীর নানা মাহবুব হোসেন জানান, “আমি বাজার থেকে ফেরার পথে স্কুলের সামনে দেখি আমার নাতনিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করেও তাদের থামাতে পারিনি।”
তন্নির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে নিয়ে গেছে দুই দিন হয়ে গেল। থানায় অভিযোগ করেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। আমি আমার মেয়েকে ফিরে চাই এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম বলেন, “তাসনিন কয়েকদিন স্কুলে অনুপস্থিত ছিল। পরিবার থেকেও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. পিয়ার উদ্দিন জানান, “ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
