, , ,

চৌগাছায় এম কে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণায় অভিযোগ

আরো খবর

চৌগাছা (যশোর)প্রতিনিধি:

যশোরের চৌগাছায় লাওসে পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা নেওয়া, ভুয়া বিমানের টিকিট দেওয়া এবং ঢাকার একটি হোটেলে আটকে রাখার অভিযোগ উঠেছে এম কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী তরিকুল ইসলাম মিলনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জেল (৫২) চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত তরিকুল ইসলাম মিলন (৪০) পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বদিয়ার রহমানের ছেলে। চৌগাছা উপজেলার গোপিনাথপুর গ্রামের মোফাজ্জেলকে লাওসে পাঠানোর আশ্বাস দেন চৌগাছা বাজারে অবস্থিত এম কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী তরিকুল ইসলাম মিলন। এ বিষয়ে গত ৯ জুলাই ২০২৬ তারিখে একটি চুক্তিপত্র সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে লাওসে পাঠানোর কথা বলে তার কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়। পরে গত ৪ আগস্ট আরও ৩০ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন মোফাজ্জেল।

এছাড়া বিভিন্ন অফিসে যাতায়াত বাবদ আরও ১৫ হাজার টাকা খরচ হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, বিদেশ যাওয়ার জন্য দেওয়া এসব টাকা তিনি সুদের ওপর এবং আদ-দ্বীন সমিতি থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেন।

মোফাজ্জেলের অভিযোগ, গত ২০ নভেম্বর তাকে ভুয়া বিমানের টিকিট দিয়ে লাওসে যাওয়ার কথা বলে ঢাকার একটি হোটেলে পাঠানো হয়। সেখানে পৌঁছালে হোটেলের লোকজন তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন কেড়ে নেয় এবং তাকে আটকে রাখে। পরে ২৩ নভেম্বর সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি।

এরপর গত ২৪ নভেম্বর বিকেল ৫টার দিকে চৌগাছা বাজারে এজেন্সির কার্যালয়ে গিয়ে নিজের টাকা ফেরত চাইলে মিলন টাকা দিতে অস্বীকার করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন মোফাজ্জেল।

মোফাজ্জেল হোসেনের স্ত্রী জোসিমা বেগম বলেন, বিদেশ নিয়ে যাবে বলে প্রথমে আমার স্বামীকে সাথে নিয়ে এজেন্সিতে গিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়। পরে আবারও ৩০ হাজার টাকা দেওয়া হয় এজেন্সি অফিসে গিয়ে। আমাদের এসব টাকা ঋন ও সুদের উপর নেওয়া। তিনি বলেন আমাদের মতো গরীব মানুষের সাথে এ প্রতারনার আমরা সঠিক বিচার চাই।

তবে অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম মিলনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি শুধুমাত্র ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, মোফাজ্জেলকে বিদেশ পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকায় নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে মোফাজ্জেল চলে যান এবং এরপর আর ফোন ধরেননি। ঢাকার হোটেলে আটকে রেখে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব মিথ্যা।

এ বিষয়ে চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই তুহিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রনি বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ