বিশেষ প্রতিনিধি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, খুনিদের বিচার কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। এ সময়ে কোনো ধরনের অগ্নি সন্ত্রাস বরদাশত করা হবে না। বিচার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে এলে, সে আওয়ামী লীগের হোক কিংবা গুপ্ত বা সুপ্ত শক্তিÑকাউকেই ছাড় দেওয়া হবে না। খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্র মেরামতের কাজ অব্যাহত থাকবে। শনিবার ২৮ নভেম্বর বিকেলে যশোর জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন আইনমন্ত্রী।
বিক্ষোভ কর্মসূচীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রক্তস্নাত পথ পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। ভোটের মাধ্যমে দেশের সাধারণ মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। গত ৮ মাসে সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।
যশোরের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কৃষি, পানিসম্পদ ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপন এবং ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেন, সরকারের এসব উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্টরা আবারও নানা অপতৎপরতা শুরু করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছিল, একইভাবে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে। বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে সরকারের তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী অংশ নেন।
মিছিলে অংশ নেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু মিছিলে অংশ নেন।
